প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 6:34 pm || প্রকাশের তারিখ: November 17, 2019, 12:28 pm
মোঃ সাগর হোসেন।। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করার কারনে বেনাপোল বন্দর এলাকার সাধারন ক্রেতাদের কাছে বিষাক্ত হয়েছে পেঁয়াজ। মূলত বাংলাদেশের পেঁয়াজের বাজার নির্ভর করে ভারত থেকে পেঁয়াজ আমদানির ওপর।
সাধারণ ক্রেতারা জানান, ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ হওয়ায় বাজারে পেঁয়াজের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে গেছে। এর প্রভাব পড়েছে ভোক্তাদের ওপর। বেনাপোলসহ যশোরে সর্বত্র ৫০ টাকা কেজির পেঁয়াজ আজ রবিবার ২২০/২২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁয়াজ মসলা জাতীয় পণ্যের ভেতরে সব থেকে উপকারী ও প্রয়োজনীয় পণ্য। এমন আকাশ ছোয়া দামের কারণে এই পণ্যটি কিনতে হিমশিম খেতে হচ্ছে সাধারন ভোক্তাদের। অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে পেঁয়াজের ঝাঁজে দিশেহারা হয়ে পড়েছে ব্যবসায়ীসহ ক্রেতা সাধারণ।
আড়তদার ও দোকানিরা জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করার ফলে এমনটি হচ্ছে। আমরা আগে যে পেঁয়াজ বিক্রি করতাম ২ থেকে ৫ মন,এখন ৪ থেকে ৫ কেজি বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে। অনেকে বাজার করতে আসছে কিন্তু পেঁয়াজ না কিনে চলে যাচ্ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে বাজার নিয়ন্ত্রন হবে বলে আমরা মনে করি। আমরা যেমন কিনছি তেমন দামেই বিক্রি করছি। এখানে আমাদের কিছুই করার নেই। আমাদের নিজেদেরও বাড়িতে পেঁয়াজ পাঠাতে কষ্ট হচ্ছে।