আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ১২, ২০১৯, ২:১৪ অপরাহ্ণ
অবসরের পর গ্রামে চলে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
অনলাইন ডেস্ক:

রাজনীতি থেকে অবসর গ্রহণের পর গ্রামে চলে যাবেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “যখনই আমি রাজনীতি থেকে অবসর নেব, আমি আমার গ্রামে চলে যাব। এটিই আমার সিদ্ধান্ত।”

মঙ্গলবার সকালে গাজীপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা পার্টির (ভিডিপি) ৩৯তম জাতীয় সমাবেশ উপলক্ষে বাংলাদেশ আনসার ও ভিডিপির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের পারফরমেন্স প্রদর্শন করেন।

বাসস জানায়, আনসার ও ভিডিপি লেকে আনসার সদস্যদের সাংস্কৃতিক অনুষ্ঠানে নৌকায় উঠে দুই শিশুর নৃত্য দেখে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন।

বঙ্গবন্ধু-কন্যা স্মৃতিচারণ করে বলেন, “আমার পিতামহের একটি বিরাট পানসি নৌকা ছিল, এটিতে দুইটি কক্ষ ও জানালা ছিল। আমি যখন এটিতে উঠতাম, জানালার কাছে বসে আমার হাত দিয়ে পানি স্পর্শ করতাম।”

তিনি বলেন, “নৌকায় অন্যরাও থাকতো বিশেষ করে আমার ভাই (শেখ) কামাল, সে নৌকার ছাদ থেকে লাফ দিত এবং নৃত্য করতো। যখন আমি নৌকা দেখি, আমার কিশোরী বেলার স্মৃতি স্মরণে আসে।”

প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হলো- গ্রামের লোকদের কাছে শহরের সকল সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া, যাতে তারা উন্নত জীবন পায় এবং সুন্দরভাবে বসবাস করতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন- আনসার ও ভিডিপি সদস্যরা প্রতিটি গ্রামে পরিবর্তন আনবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম