প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 8:44 am || প্রকাশের তারিখ: November 18, 2019, 3:09 pm
নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের ছনধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীকে আটক করেছে পুর্বধলা থানা পুলিশ। তিনি অগ্রনী ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। ব্যাংকের ঋণ পরিশোধ না করায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত। পরে সোমবার দুপুরে উপজেলার জারিয়া ইউনিয়নের ছনধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে পুলিশ তাকে আটক করে আদালতে প্রেরন করে।
এর আগেও প্রধান শিক্ষক মোহাম্মদ আলী নিজ বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে চাকুরি দেয়ার কথা বলে একই এলাকার রুবেল খানের কাছ থেকে ৮ লক্ষ ৩১ হাজার টাকা গ্রহণ করেন। রুবেল খানের চাকুরি না হলে উক্ত টাকা ফেরত দেয়ার অঙ্গিকার ছিল কিন্তু গত ২৯/১১/২০১৮ ইং তারিখে শালিস বৈঠকে ১ লক্ষ টাকা ফেরত প্রদান করে। বাকি ৭ লক্ষ ৩১ হাজার টাকা লিখিত অঙ্গিকার করে থাকলে আজও পরিশোধ করেনি প্রধান শিক্ষক। এ নিয়ে ভোক্তভূগী রুবেল খান উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ করেন। পরবর্তীতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ খুরশেদ আলম সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পান এবং ১৭/০৭/২০১৯ তারিখ জেলা শিক্ষা অফিসার বরাবর অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেলা শিক্ষা কর্মকর্তা রহস্যজনক কারণে এখন পর্য্যন্ত কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করেননি।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোহিদুর ইসলাম জানান, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে প্রধান শিক্ষক মোহাম্মদ আলীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।