প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 2:20 pm || প্রকাশের তারিখ: November 20, 2019, 5:21 pm
খুলনা ব্যুরোঃ খুলনাসহ সকল সার্কেলে এবছর আয়কর মেলায় ৫৭ কোটি ৬৭ লাখ টাকা জমা হয়েছে। এছাড়া রিটার্ন দাখিল হয়েছে ৫২ হাজার দুইশ ২৬ টি। নতুন টিআইএন রেজিষ্ট্রেশন করছেন দুই হাজার চারশত ৬০ ব্যক্তি এবং আয়কর সংক্রান্তসেবা গ্রহণ করেছেন ৯৭ হাজার পাঁচশ ৬৫ ব্যক্তি। এই মেলা গত ১৪ নভেম্বর থেকে শুরু হয়। গত বছর আদায় হয়ে ছিলো ৪২ কোটি টাকা।
খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আজ (বুধবার) রাতে সপ্তাহব্যাপী আয়কর মেলার সমাপনীতে এই সকল তথ্য জানান খুলনা কর অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়।
সমাপনীতে প্রধান অতিথি ছিলেন খুলনা কর আপীল অঞ্চলের কর কমিশনার মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তৃতা করেন বাংলাদেশ ট্যাক্সেস লইয়ার্স এসোসিয়েশনের সভাপতি মনিরুল হুদা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত কর কমিশনার ড. অঞ্জণ কুমার সাহা, যুগ্ম কর কমিশনার মোঃ মঞ্জুর আলম, কর আপীল অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোঃ মহিদুর রহমান প্রমুখ।
মেলা আজ শেষ হলেও খুলনা কর অফিসে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত জরিমানা ছাড়া করদাতারা আয়কর প্রদান ও রিটার্ন দাখিল করতে পারবে।