প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 6:33 am || প্রকাশের তারিখ: November 25, 2019, 11:07 am
লিয়াকত হোসেন রাজশাহী।। রাজশাহীতে এগারো দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ করেছেন পাটকল শ্রমিকরা। বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালি এলাকায় মিলগেটে রাজশাহী-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ-সমাবেশ করেন শ্রমিকরা। সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাটকলের সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ এই বিক্ষোভ আয়োজন করে। এতে সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। ঘণ্টাখানেক পর শ্রমিকরা রাস্তা ছেড়ে দিলে তখন যান চলাচল স্বাভাবিক হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন ছিলো। এনিয়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিক্ষোভে নেতৃত্ব দেন রাজশাহী পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান,ও সাধারণ সম্পাদক শামীম হোসেন।
এসময় সংগঠনটির সহ-সভাপতি আব্দুল আলীম, কোষাধ্যক্ষ মোস্তাক হোসেনসহ অন্য নেতারা উপস্থি ছিলেন। শ্রমিক নেতাদের ভাষ্য অনুযায়ী, গেল ৩মাস থেকে শ্রমিকদের বেতন বন্ধ। ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত ৫৫০ জন অবসরে গেলেও তারা গ্র্যাচুইটি পাননি। শ্রমিকরা জাতীয় মজুরী কমিশন বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারীর (পিপিপি) সিদ্ধান্ত বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পি.এফ. গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবি বাস্তবায়ন চান।