আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 21, 2026, 2:25 am || প্রকাশের তারিখ: November 26, 2019, 4:38 pm
সকল মহাসড়কের পাশে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।

ঢাকা এবং পশ্চিমাঞ্চলের বিদ্যুত ব্যবস্থার উন্নয়নে প্রায় ৬ হাজার কোটি টাকার বৃহৎ এক প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।

আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ওই প্রকল্পটি সহ মোট ৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। যার ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৩১২ কোটি ৫১ লাখ টাকা।

এর মধ্যে সরকারী তহবিল থেকে ব্যয় হবে পৌনে তিন হাজার কোটি টাকা, আর প্রকল্প সহায়তা হিসেবে ঋণ নেয়া হবে ৪ হাজার ২শ কোটি টাকা এবং বাকী ৩শ ২১ কোটি টাকা ব্যয় হবে সংস্থার নিজস্ব তহবিল থেকে।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অনুমোদন পাওয়া ৬টি প্রকল্পের মধ্যে বাকী পাঁচটি মহাসড়ক সংস্কার ও সেতু নির্মাণের। এসব মহাসড়কের পাশে বনায়নের জন্য একনেক সভায় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।

তিনি আরো জানান, দেশের সব সড়ক নির্মাণের সময় গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের এননেক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, দেশের যেখানেই সড়ক নির্মাণ করা হোক সেখানে অবশ্যই গাছ লাগাবেন। যেসব রাস্তায় গাছ লাগানো সম্ভব হচ্ছে না সেখানে ফুলের চারা লাগান। রেইনট্রি লাগাতে হবে, যাতে ছায়া পাওয়া যাবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম