আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 4:53 pm || প্রকাশের তারিখ: November 26, 2019, 4:49 pm
ডম-ইনোর এমডিকে আত্নসমর্পণের নির্দেশ হাইকোর্টের
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।

নকশা জালিয়াতির মামলায় ডম-ইনো প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) স্থপতি আবদুস সালামের জামিন নামঞ্জুর করে আগামী দুই সপ্তাহের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক সোমবার (২৫ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ আবদুস সালামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মঈনুল হোসেন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম ফারহান। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

জানা গেছে, রাজধানীর বনানী আবাসিক এলাকায় পাঁচ কাঠা জমির মালিক মো. সিরাজুল ইসলামের মৃত্যুর পর উক্ত প্লট ওয়ারিশসূত্রে স্ত্রী বেগম রোকেয়া ইসলাম, পুত্র মো. এনামুল হক ও মো. একরামুল হক, মেয়ে আক্তার বানু ও নাহিদ আক্তার মালিক হন।

কিন্তু ২০০৬ সালের ১৭ ডিসেম্বর ডোম-ইনো প্রোপার্টিজ লিমিটেডের সঙ্গে ফ্ল্যাট নির্মাণের জন্য এনামুল হকের অনুমতি ছাড়াই চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। পরবর্তীতে ওই জমিতে ফ্লাট নির্মাণে ডোম-ইনোকে দায়িত্ব প্রদান করা হয়।

জমির আরেক অংশীদার এনামুল হক ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত লন্ডনে বসবাস করার সময় ডোম-ইনোর এমডি মো. আবদুস সালাম এনামুল হকের স্বাক্ষর জাল করে রাজউক থেকে ফ্ল্যাট নির্মাণের অনুমোদন করান বলে অভিযোগ ওঠে।

আবদুস সালাম ছাড়াও মামলায় অন্য আসামিরা হলেন- রাজউকের সাবেক অথরাইজড অফিসার ও বর্তমানে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সামছুর রহমান, রাজউকের সাবেক অথরাইজড অফিসার মো. শফিকুল ইসলাম, প্রধান ইমারত পরিদর্শক মুছলেম উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী অমিত হাসান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম