আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 4:52 pm || প্রকাশের তারিখ: November 28, 2019, 6:27 am
এমপি লিটন হত্যার দায়ে কাদের খানসহ ৭ জনের মৃত্যুদন্ড
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।

গাইবান্ধায় আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার দায়ে প্রধান আসামি সাবেক এমপি আব্দুল কাদের খানসহ সাতজনকে মৃত্যুদন্ড দিয়েছেন গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালত।

আজ (বৃহস্পতিবার) দুপুর পৌনে ১২টায় এই রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক।

একই ঘটনায় অস্ত্র আইনের মামলার রায়ে গত ১১ জুন জাতীয় পার্টির সাবেক এমপি কাদের খানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এই বিচারক। এছাড়া অস্ত্র মামলায় পৃথক এক ধারায় তাকে ১৫ বছর কারাদণ্ড দেন আদালত।

আজ কাদের খানসহ অভিযুক্ত আটজন আসামির মধ্যে ৬ জনকে আদালতে হাজির করে পুলিশ। মামলার অপর দুই আসামির একজন সুবল চন্দ্র রায় কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। আর চন্দন কুমার রায় নামে এক আসামি ভারতে পলাতক রয়েছেন। অন্য আসামিদের মধ্যে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী কাদের খান, তার পিএস শামছুজ্জোহা, গাড়িচালক হান্নান, ভাতিজা মেহেদি, শাহীন ও রানা জেলা আটক রয়েছেন।

আলোচিত এ মামলার ২০১৮ সালের ৮ এপ্রিল প্রথম দফায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। বাদী, নিহতের স্ত্রী ও তদন্ত কর্মকর্তাসহ এ পর্যন্ত ৫৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। ৩১ অক্টোবর মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। চলতি বছরের ১৮ ও ১৯ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি শফিকুল ইসলাম শফিক। ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালতের বিচারক।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম