আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 7:07 pm || প্রকাশের তারিখ: November 28, 2019, 6:48 am
দ্রুতই শুরু হবে জেলা-উপজেলায় অভিযানঃ কাদের
নিজস্ব প্রতিবেদক।।  যশোরে আওয়ামী লীগের সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুদ্ধি অভিযানের প্রসঙ্গে বলেছেন, ‘শেখ হাসিনার আওয়ামী লীগে কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, মাদক কারবারির কোন ঠাঁই নেই। ঢাকায় শুদ্ধি অভিযানের যে অ্যাকশন শুরু হয়েছে, শিগগিরই তা জেলা-উপজেলা শহরেও শুরু হয়ে যাবে। শেখ হাসিনা নিজের ঘরকে শাস্তি দিয়ে পরকে শেখানোর পলিসি নিয়েছেন।’

আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে যশোর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

হলি আর্টিজান হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘প্রতীক্ষিত এই রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও স্বাধীন বিচার ব্যবস্থা বিদ্যমান থাকে। ওই মামলায় সাতজনের ফাঁসির রায়ে জনজীবনে স্বস্তি এবং বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বেড়েছে। এই রায় দেশে জঙ্গিবাদ ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের প্রতি এক অশনিসংকেত। এটি আমাদের আগামী ভবিষ্যৎকে নিরাপদ ও শান্তিময় রাখা এবং স্বাধীন বিচার ব্যবস্থা কায়েমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘দল ভারী করার জন্য আপনারা খারাপ লোক, সুবিধাবাদী লোকজনকে ভেড়াবেন না।’ দলের ভেতরে কোন্দল করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, ‘ঘরের ভেতরে ঘর, মশারির ভেতরে মশারি টাঙাবেন না। নেতৃত্বে যাতে মৌসুমী পাখিরা না আসতে পারে- সেদিকে নজর রাখবেন। দুর্দিনে এইসব মৌসুমী নেতারা সব হিমালয় কৈলাশ পর্বতে পালিয়ে যাবে। তখন পাঁচ হাজার ওয়াটের বাল্ব জ্বালিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না।’

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।  এ সময় তিনি বলেন, ‘খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ-দুর্নীতির মামলায় কারাগারে রয়েছেন, রাজনৈতিক কোনও মামলায় নয়। তার মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ার। বিএনপি যদি রাজপথে আন্দোলনের নামে ভাঙচুর, সন্ত্রাস, নৈরাজ্য করে, তবে তাদের অতীতের কথা স্মরণে রাখার পরামর্শ দেবো। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে কঠোরভাবে তা প্রতিহত করতে সর্বদা প্রস্তুত।’
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম