আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 1:34 pm || প্রকাশের তারিখ: November 29, 2019, 5:50 am
কুবিতে জাঁকজমকপূর্ণ ‘নবান্ন উৎসব ১৪২৬’
কুবি প্রতিনিধি।। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জঁমকালো আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে ‘নবান্ন উৎসব ১৪২৬’। নাচ, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের আয়োজন করা হয়। আবহমান বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব, নবান্ন মেলা, ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় এ উপলক্ষে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন 'প্রতিবর্তন' দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে ঐতিহ্যবাহী এই উৎসবটি উদযাপন করে।

নবান্ন উৎসব উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের। এসময় প্রতিবর্তনের উপদেষ্টাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে হস্তশিল্পের মেলা বসে। যেখানে শিক্ষার্থীদের পরিচালিত আয়নাঘর, ফিট এন্ড স্যুট, অঙ্গনা, জাহান্স, বিউটি হেভেন, অনিন্দিতা প্রভৃতি প্রতিষ্ঠানের স্টল বসানো হয়। একইসাথে গ্রাম-বাংলার পরিচিত খেলাধুলার আয়োজন করা হয় উৎসবের অংশ হিসেবে।

বিকেলে প্রতিবর্তনের শিল্পীদের পরিবেশনায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শুরু হয় নবান্নের সাংস্কৃতিক উৎসব। এসময় প্রতিবর্তন সংগীত, নাচ, গান, কবিতায় মুখরিত করে তোলে সবাইকে।

উল্লেখ্য, প্রতিবছরই বাঙালির প্রাণের এই নবান্ন উৎসব পালনে ব্যতিক্রমী আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম