প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 4:14 pm || প্রকাশের তারিখ: December 8, 2019, 2:02 pm
বাগেরহাট সংবাদদাতা।। বাগেরহাটে ট্রাকচাপায় জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউর রহমান নিহত হয়েছেন। রোববার (৮ ডিসেম্বর) বিকেল ৩টায় খুলনা বাগেরহাট মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কর্মকর্তা মো. রেজাউর রহমান বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার দায়িত্বে ছিলেন। তার বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঘাষিয়ারা গ্রামে।
প্রত্যক্ষদর্শী পুলিশের উপ-পরিদর্শক (এসআঅই) হাফেজ মো. নুর হোসেন বলেন, তিনটার দিকে কোর্ট থেকে দায়িত্ব পালন শেষে একটি মোটর সাইকেল যোগে আদালত এলাকা থেকে বের হচ্ছিলেন রেজাউর রহমান। এসময় বাগেরহাট থেকে খুলনা-গামী একটি ট্রাক তাকে চাপা দেয়। তিনি হেলমেট পরিহিত ছিলেন। তার হেলমেট পৃষ্ট হয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যায়।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, ট্রাকটির বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে এবং পুলিশ সদস্য নিহত হন। এই ধরণের গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে থেকে এত দ্রুত গতিতে যানবাহন চালানো উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল বলেন, দায়িত্বরত অবস্থায় ট্রাকের চাপায় আমাদের সহকর্মী এসআই মো. রেজাউর রহমান নিহত হয়েছেন। আমরা ট্রাকটিকে জব্দ করেছি। তার মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তার মৃত্যুতে জেলা পুলিশ গভীরভাবে শোকাহত। ট্রাকের চালক ও চালকের সহযোগীকে আটকের চেষ্টা চলছে।
বাগেরহাট/রিফাত/টিটু