প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 4:34 am || প্রকাশের তারিখ: December 13, 2019, 5:10 am
বাগেরহাট সংবাদদাতা।। সুন্দরবন পরিদর্শন করবে জাতিসংঘের যৌথ মিশনের চার সদস্যের একটি প্রতিনিধি দল। গতকাল থেকে আগামী তিনদিন সুন্দরবনের বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন প্রতিনিধি দলের সদস্যরা। তারা সুন্দরবনে অবস্থান করে পরিবেশগতভাবে হুমকির মুখে থাকা বিশ্ব ঐতিহ্য এ বনের জীববৈচিত্র্যের বর্তমান অবস্থান সরেজমিনে দেখবেন ও তথ্য উপাত্ত সংগ্রহ করবেন বলে জানা গেছে।
প্রতিনিধি দলে রয়েছেন ইউনেস্কোর নয়াদিল্লি অফিসের প্রোগ্রাম স্পেশালিস্ট ফর ন্যাচারাল সায়েন্স বিভাগের মিস্টার গাই ব্রুক, ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের অ্যাকান নাকামুরা, আইইউসিএনের এলিনা অসিপভা ও এন্ড্রো ওয়াইট।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর এবং প্রকৃতি রক্ষার বৈশ্বিক সংগঠন আইইউসিএনের একটি যৌথ মিশনের দুজন পুরুষ ও দুজন নারী পরিবেশবিদ রয়েছেন। সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মো. মাহামুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল দুপুরে মোংলার বন বিভাগের ফুয়েল জেটি থেকে প্রতিনিধি দলটি বন বিভাগের নৌযান বনবিলাসে ওঠে। প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন বন বিভাগের উচ্চপদস্থ প্রতিনিধিরাও।
জানা গেছে, জাতিসংঘের এ যৌথ মিশনটি সুন্দরবন পরিদর্শনের পাশাপাশি বনের আশপাশে অবস্থিত শিল্প-কলকারখানা বিশেষ করে রামপালের কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র, বরগুনার তালতলী ও পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রভাব ছাড়াও আন্তর্জাতিক সমুদ্রবন্দর মোংলার পশুর চ্যানেলসহ অন্যান্য নদী খননের ফলে সুন্দরবনের প্রাণ-প্রকৃতির ওপর প্রতিবেশগত যে বিরূপ প্রভাব পড়বে, তাও পর্যালোচনা ও মূল্যায়ন করবে। এ যৌথ মিশনের দেয়া তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করেই জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি সুন্দরবনের প্রাণ-প্রকৃতির ওপর প্রতিবেশগত হুমকির বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করবে।
বাগেরহাট/রিফাত/টিটু