প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 11:12 am || প্রকাশের তারিখ: December 18, 2019, 6:34 pm
লালমনিরহাট সংবাদদাতা।। জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, 'আওয়ামীলীগ এমন একটি রাজনৈতিক সংগঠন। যেখানে নেতৃত্ব নিয়ে কঠিন প্রতিযোগিতা হয়। কেউ কাউকে এক ইঞ্চিও ছাড় দেয় না। কেউ একটু এগিয়ে গেলেও তাকে পেছন থেকে টেনে ধরা হয়। নেতৃত্বের এই তীব্র প্রতিযোগীতায় বিজয়ী হয়ে এগিয়ে যেতে হয় দেশ ও মানুষের কল্যাণে। মহান মুক্তিযুদ্ধে লালমনিরহাটের অন্যতম সংগঠক মরহুম আবুল হোসেন এমপি'র বর্ণাঢ্য রাজনৈতিক জীবনও তেমনি। তিনি ছিলেন একজন আদর্শবান মানুষ।'
মহান মুক্তিযুদ্ধে লালমনিরহাটের অন্যতম সংগঠক মরহুম আবুল হোসেন এমপি'র তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৭-ডিসেম্বর) স্মরণসভায় প্রধান অতিথির তিনি বক্তব্যে এসব কথা বলেন। এরআগে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে মঙ্গলবার রাতে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি ও মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ সফুরা বেগম রুমীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি। প্রধান বক্তা ছিলেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সাংসদ ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।
লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আশরাফ হোসেন বাদলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, মরহুম আবুল হোসেন এমপি'র জেষ্ঠ্যপুত্র পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হামিদুল হক মন্টু, জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার এসএম রশিদুল হক, সিভিল সার্জন ডাঃ কাশেম আলী, কবি ফেরদৌসী রহমান বিউটি প্রমূখ। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মরহুম আবুল হোসেন এমপি'র রাজনৈতিক বর্ণাঢ্য জীবনী নিয়ে রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, 'মরহুম হোসেন এমপি একজন রাজনৈতিক নেতা ছিলেন না, একজন আদর্শ বাতিঘর। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে যেতে হবে।'