প্রিন্ট এর তারিখ: July 24, 2026, 12:35 am || প্রকাশের তারিখ: December 23, 2019, 2:37 am
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ডাকসু ভিপি নুরুল হক নুরকে দেখতে এসে বাবা ইদ্রিস হাওলাদার বলেছেন, আমার ছেলে বাংলাদেশের নাগরিক তার নাগরিক অধিকার আছে এবং সেই সুবাদে সে ভিপি হয়েছে। বার বার কেন তার ওপরে এই নিপীড়ন-নির্যাতন হয়? পাঁচ-ছয় দিন আগেও তার ওপর নির্যাতন করা হয়েছে।
রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছেলে নুরকে দেখতে এসে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমাদের ওপর কেন এই অনধিকার চর্চা করা হয়? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর সঠিক বিচার চাই। যাতে করে বাংলার মাটিতে এরকম অমানবিক ঘটনা আর না ঘটে। আজকে তারপর তিনবার হামলা করা হয়েছে। আমি আমার ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।
তিনি বলেন, ডাকসুর ভিপি বাংলাদেশের ছাত্রসমাজের কাছে একটি গুরুত্বপূর্ণ পদ। তার ওপরে বার বার কেন এ ধরনের অতর্কিত হামলা হবে? আমি বিনয়ের সাথে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, তিনি যেন এর সঠিক বিচার করেন।