আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 11:58 pm || প্রকাশের তারিখ: December 24, 2019, 9:04 am
ঢাকসুর ভিপির ওপর বারেবারে হামলার কারন খতিয়ে দেখা হচ্ছেঃ স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) ডাকসুর সহ-সভাপতি ভিপি নূর ও তার সহকর্মীদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার হচ্ছে এবং বারবার কেন তার উপর হামলা হচ্ছে সে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার মিলনায়তনে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমি মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকদিন পর ডাকসু নির্বাচন হয়েছে। ডাকসুর নেতৃত্বে এসেছে নুরুল হক নুর। তাই আমরা মনে করি ডাকসুকে ধরে রাখতে হবে। ভবিষ্যত রাজনীতিক এখান থেকে উঠে আসে। আমরা যেভাবে উঠে এসেছি। সেই জায়গা থেকে নেতাদের শূন্যতা আমরা দেখতে চাই না। সেজন্য ডাকসু প্রতিনিধিরা যেন সুন্দরভাবে সুশৃঙ্খল রাজনীতি করে সেটা আমরা প্রত্যাশা করবো।’

মন্ত্রী বলেন, আমি যা বলতে চাচ্ছি, আইন-শৃঙ্খলা বাহিনী কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে না। ইউনিভার্সিটির যখন প্রয়োজন হয় প্রক্টর কিংবা ভিসি যদি অনুমতি দেন কিংবা অনুরোধ করেন তখনই তারা প্রবেশ করে। কাজেই আইন-শৃঙ্খলা বাহিনীর চেয়ে সেখানে এ ধরনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনই কার্যকর ভূমিকা পালন করেন। আমার নিজেরই প্রশ্ন নুরের ওপর কেন বারবার হামলা হচ্ছে? আপনারা যদি এর কোনো কারণ পান তাহলে আমাকে জানাবেন। তবে নুর কেন বারবার ‘আপনাদের মতে’ আক্রান্ত হচ্ছে সেটা আমরা দেখবো।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এখন পর্যন্ত যতটুকু দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন সঠিক আছে বলেই আমার কাছে মনে হয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমাদের ঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে তাহলে আমরা সেটি নিতে পারবো।’

স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে আপনারা জানেন। ইতোমধ্যে কয়েকজনকে ধরা হয়েছে। এদের মধ্যে যারা অভিযুক্ত কিংবা যারা প্রমাণযুক্ত হয়েছে এবং যাদের ঘটনায় দেখা গেছে তাদের অবশ্যই ধরা হবে।’
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম