প্রিন্ট এর তারিখ: September 21, 2026, 6:21 pm || প্রকাশের তারিখ: January 6, 2020, 6:03 am
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার কীভাবে হবে, তা সাংবাদিকদের দেখাবে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সোমবার (৬ জানুয়ারি) বিকাল ৩টা ৩০ মিনিটে ইসি বিটে কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে এ ভোটযন্ত্রটির কার্যক্রম ব্যাখ্যা করবে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
ইসির ইভিএম প্রকল্পের অপারেশন প্লানিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামানের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে- আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের জন্য বিকাল সাড়ে ৩টার দিকে ইভিএম প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
ইতোমধ্যে বিএনপি এ যন্ত্রটি ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচনে ব্যবহার না করতে দাবি তুলেছে। যদিও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ইভিএমের বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ নেই। ইভিএমের মাধ্যমেই ভোটগ্রহণ করা হবে। কারণ আমরা দেখেছি, পূর্বে ইভিএমের মাধ্যমে যেসব নির্বাচন করা হয়েছে তাতে ভালো ফলাফল পাওয়া গেছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৫৪টি সাধারণ ওয়ার্ড ও ১৮টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড রয়েছে। এ নির্বাচনে ১ হাজার ৩৪৯টি ভোটকেন্দ্রের ৭ হাজার ৫১৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
আ/রিফাত