প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 9:53 pm || প্রকাশের তারিখ: January 7, 2020, 4:28 pm
ইবি সংবাদদাতা।। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রনেতা রেজওয়ানুল ইসলাম সানি হত্যার খুনীদের বিচারের হাইকোটের রায় দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যায় (ইবি) শাখা ছাত্রমৈত্রী।
মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে পৌনে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালের সামনে শাখা ছাত্র মৈত্রীর আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
এর আগে দলীয় টেন্ট থেকে এক র্যালি বের করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মিলিত হয়। পরে রেজওয়ানুল ইসলাম সানির স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও ১ মিনিট নিরবতা পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
মানববন্ধনে শাখা ছাত্র মৈত্রীর সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মুতাসিম বিলাহ পাপ্পু, সহ-সভাপতি আকতার হোসেন আজাদ এবং শামিমুল ইসলাম সুমন কোষাধ্যক্ষ অনুভব রায় রিপন সহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাংলাদেশ ছাত্র মৈত্রীর সর্বশেষ শহীদ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মৈত্রীর সহ সভাপতি রেজওয়ানুল ইসলাম সানি । ২০১০ সালের ৭ জানুয়ারি সন্ত্রাস, দখলদারিত্ব, ভর্তি বাণিজ্যের বিরুদ্ধে এবং দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াই করতে গিয়ে ছাত্রলীগের অতর্কিত হামলায় নিহত হয়েছিলেন তিনি। ২০১২ সালের শেষের দিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে সানি হত্যার রায় হয়। রায়ে প্রধান আসামি নিজাম ও তুষারের মৃত্যুদন্ডসহ হত্যাকান্ডে জড়িত অন্যদের যাবজ্জীবন এবং ১০ বছরের স্বশ্রম কারাদন্ড প্রদান করা হয়। হত্যার দশ বছর পেরিয়ে গেলেও বিচারের রায় সুষ্ঠুভাবে কার্যকর হয়নি। আমরা অনতিবলম্বে সানি হত্যার খুনীদের বিচারের রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, ছাত্রলীগের ভর্তি বাণিজ্যের প্রতিবাদ করায় রাজশাহী পলিটেকনিকের ছাত্র শাখা ছত্র মৈত্রীর তৎকলীন সহ সভাপতি রেজওয়ানুল ইসলাম চৌধুরী সানিকে হত্যা করা হয়। ছাত্রলীগের নিজাম-তুষার গ্যাং ২০১০ সালের এ দিনে তাকে হত্যা করে।