আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 7:17 pm || প্রকাশের তারিখ: January 13, 2020, 8:45 am
বিচারের জন্য বদলি আবরার হত্যা মামলা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলা এখন বিচার শুরুর অপেক্ষায়। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বদলির আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম এ আদেশ দেন।

আইন অনুযায়ী মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় এ মামলা মহানগর দায়রা জজ আদালতে বদলির জন্য সিএমএম বরাবর নথি পাঠান বিচারক। এখন সিএমএম মামলাটি মহানগরে পাঠাবেন। মহানগর আদালতে মামলাটির পরবর্তী বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এছাড়া এদিন পলাতক অসামিদের আদালতে হাজির হওয়া সংক্রান্ত পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি দাখিলের জন্য দিন ধার্য ছিল। সে অনুযায়ী প্রতিবেদন দাখিল করা হয়।

চকবাজার থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রোববার আবরার হত্যার মামলার অন্যতম পলাতক আসামি মোর্শেদ আমত্য ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরার আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। তবে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চাঞ্চল্যকর এ হত্যার মামলার ৪ আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন আদালত।

গত ৩ ডিসেম্বর পলাতক আসামিদের গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আদালত সময় নির্ধারণ করেন। ওই দিন আসামিরা পলাতক রয়েছে দেখিয়ে প্রতিবেদন দাখিল করে পুলিশ।

এজন্য আদালত আসামিদের সম্পত্তি ক্রোক পরোয়ানা জারি করেছেন। কিন্তু তাদের ব্যক্তিগত কোনো মালামাল না থাকায় সম্পত্তি ক্রোক করা যায়নি।

গত ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ১৮ নভেম্বর ডিবি পুলিশের দেয়া চার্জশিট গ্রহণ করেন আদালত।

মোর্শেদ অমত্য ইসলাম, মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান মণ্ডল ওরফে জিসান,  এহতেশামুল রাব্বি ওরফে তানিম ও মুজতবা রাফিদ পলাতক থাকায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

 

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম