আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 3:57 am || প্রকাশের তারিখ: January 13, 2020, 4:43 pm
‌‘১৭০ কেন্দ্রের ১২০টি অস্ত্রের মুখে দখলে নেয় ছাত্রলীগ’
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী চান্দগাঁও) উপনির্বাচন বাতিলের আহ্বান জানিয়েছে বিএনপি। তাদের অভিযোগ, কেন্দ্র দখল করে ভোটারদের বের করে দেওয়া এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেখানোর জন্য আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা লাইনে দাঁড়িয়ে থাকা হয়।

তাই নির্বাচন স্থগিত করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির দলীয় প্রার্থী আবু সুফিয়ান।

আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশনার বরাবরে দেওয়া লিখিত অভিযোগে এ দাবি জানান তিনি।

তার দাবি- অনেক কেন্দ্রে ভোটারদের ইভিএম মেশিনে আঙুলের ছাপ নিয়ে ভোট কেন্দ্র থেকে বের করে দিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা নৌকায় ভোট দিয়েছে। তারা ১৭০টি কেন্দ্রের মধ্যে অস্ত্রের মুখে ১২০টি কেন্দ্র দখল করে নিয়েছে। বিএনপির অনেক নেতাকর্মীকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অন্তত ৫০ জনকে আহত করেছে।

এদিকে সোমবার বেলা ১টায় নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী আবু সুফিয়ান একই অভিযোগ তুলে নির্বাচন স্থগিত করে পুনরায় নতুন তারিখ ঘোষণার জন্য ইসির কাছে দাবি জানান।

এসময় তিনি বলেন, ভোটাররা যেন ভোট দিতে না যায় সেজন্য ভয়ভীতি সৃষ্টি করা হয়েছে। ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য রাতে আমার এজেন্টদের হুমকি দেওয়া হয়েছে। যারা সকালে ভোট কেন্দ্রে যাচ্ছিল তাদের অনেককে রাস্তায় মারধর করা হয়েছে।

আরও বলেন, সবগুলো কেন্দ্রে সকাল থেকে ছাত্রলীগ-যুবলীগ দখল করে নিয়েছে। আমাদের লোকজনকে বের করে দেওয়া হয়। প্রতিটি কেন্দ্রে ৪/৫শ ছাত্রলীগ যুবলীগ লাইন ধরে দাঁড়িয়ে থাকে যাতে দেখানো হয় ভোট সুষ্ঠু হচ্ছে। বিষয়টি আমরা নির্বাচন কমিশনারকে লিখিত দিয়েছি।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম