আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 8:56 pm || প্রকাশের তারিখ: January 16, 2020, 1:27 pm
নেশাদ্রব্য খাইয়ে অষ্টম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। গাজীপুরের শ্রীপুর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণের অভিযোগ ওঠেছে। গতকাল বুধবার রাত আটটার দিকে উপজেলার নয়নপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার রাতেই ওই ছাত্রীর মা বাদী হয়ে চারজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেছেন।

অভিযুক্তরা হলেন , নয়নপুর এলাকার সোহরাবের ছেলে শরীফ (১৮), লিটনের ছেলে সুজন (১৯), নয়নপুর এলাকার হারুনের বাড়ির ভাড়াটিয়া কবিরের স্ত্রী উর্মী (১৮) ও শরীফ (২০)। তাদের  মধ্যে মামলার চার নম্বর আসামি উর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ছাত্রীর মা জানান, তিনি স্থানীয় একটি কারখানায় অপারেটর হিসেবে কাজ করেন। তার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ের যাওয়া-আসার পথে শরীফ তাকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেয়। তার প্রস্তাবে সাড়া না দেয়ায় অপহরণের হুমকিও দেয় শরীফ।

ওই ছাত্রীর মা আরও জানান, বুধবার কারখানার কাজ শেষে রাত ১০টায় বাসায় এসে মেয়েকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে নয়নপুর গ্রামের জনৈক আসাদ মোল্লার বাড়ির পাশে ঝোপের ভেতর থেকে স্কুলছাত্রীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে জ্ঞান ফিরলে স্কুলছাত্রী জানায়, রাত  আটটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে শরীফ মুখে গামছা দিয়ে তাকে তুলে নিয়ে যায়। পরে নয়নপুর গ্রামের আসাদ মোল্লার বাড়ির পাশে ঝোপে নিয়ে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুস সাকীব জানান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ছাত্রীকে ধর্ষণের দায়ে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ভিকটিমকে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম