প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 8:44 pm || প্রকাশের তারিখ: January 17, 2020, 2:12 pm
মেহেরপুর সংবাদদাতা।। মেহেরপুর সীমান্ত থেকে বাংলাদেশী কৃষক মিলন হোসেন (৪০) কে তুলে নিয়ে গেছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। মিলন হোসেন মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।
গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যার দিকে কৃষক মিলন হোসেন বাংলাদেশ ভারতীয় সীমান্ত ১২৯ নং পিলারের নিকট নিজ জমিতে কাজ করতে গেলে ভারতীয় নন্দনপুর ক্যাম্প ৮৪ বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।
এঘটনায় শুক্রবার সকালে সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে বিওপি পর্যায়ে পাতাকা বৈঠক হলেও তারা মিলনকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা অস্বীকার করেছে।
মিলন হোসেনের পারিবারিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় কুতুবপুর ইউনিয়নের শোলমারী ইউপি সদস্য রফিকুল জানান, এ ঘটনার পর ৬ বিজিবির পক্ষ থেকে ভারতীয় বিএসএফ এর নিকট মিলনকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়।
৬ বিজিবি শোলমারী বিওপি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, বিএসএফ এর নিকট চিঠি দিলে আজ শুক্রবার বেলা সাড়ে ১০ টা থেকে ১১ টা ১০ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২৯/৫এস এর নিকট উভয় দেশের বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে ৬ বিজিবির শোলমারী বিওপি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান ও ৮৪ বিএসএফ নন্দনপুর ক্যাম্পের কমান্ডার এসআই জয় সিং ঐ বৈঠকে নেতৃত্ব দেন।
তিনি আরও জানান, তারা মিলন হোসেনকে তুলে নিয়ে যায়নি বলে জানিয়েছেন। তবে মিলন হোসেনের পরিবার তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন।
আ/রিফাত