প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 11:39 am || প্রকাশের তারিখ: January 28, 2020, 11:39 am
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে আজ মঙ্গলবার দুপুরে তিন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার বিশ্বানাথপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কাশিয়ানী উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী উপজেলার নাওরা দোলা গ্রামের মো. ফরিদ শরীফের ছেলে মো. ইয়াসিন শরীফ (১৬), একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী হিরোন্যকান্দি গ্রামের মো. আশরাফ আলী মিয়ার ছেলে মো. রায়হান (রুহিন) (১৫), দশম শ্রেণির ছাত্র একই গ্রামের মো. লাবু খন্দকারের ছেলে আল আমিন খন্দকার (১৫) তাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা দেখতে স্কুলে আসে এবং একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়।
বিশ্বনাথপুর রেল ক্রসিং অতিক্রম করার সময়ে তারা মোটরসাইকেল নিয়ে রেলের সামনে পড়লে এ দুঘর্টনার ঘটে। তাদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। তাদের অপর বন্ধু দশম শ্রেণির ছাত্র হিরোন্যকান্দি গ্রামের মো. আহাদ তালুকদারের ছেলে মো. সোহান (১৫) কে মুমূর্ষু অবস্থায় কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
কাশিয়ানী থানার এসআই রতন বৈরাগী জানায়, তারা চার বন্ধু একটি মোটরসাইকেলে জয়নগর থেকে ব্যাসপুর যাওয়ার সময়ে রেল ক্রসিং অতিক্রম করার সময়ে ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী লোকাল ট্রেনের সাথে বেঁধে গেলে এ দুর্ঘটনা ঘটে এবং তিনজন নিহত একজন আহত হয়। কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।