আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 10:52 am || প্রকাশের তারিখ: February 1, 2020, 9:04 am
গোপন বুথে ঢুকে কি করছেন তিনি??
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ‌‘নিষেধ করা সত্ত্বেও’ গোপন বুথে ঢুকে পড়লেন আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চার নম্বর ওয়ার্ডের মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এই কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেন।

৮৬ নম্বর কেন্দ্রের একটি বুথে দেখা গেল, জাহাঙ্গীর হোসেনের এজেন্ট ওমর ফারুক গোপন বুথে ঢুকে পড়েছেন। তখন গোপন বুথে ভোট দিচ্ছিলেন নারী ভোটার।

এ ব্যাপারে এজেন্ট ওমর ফারুক বলেন, ওই নারীকে ভোট দিতে সহায়তা করার জন্যই তিনি গোপন বুথে ঢুকে পড়েন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মফিজুল হক বলেন, গোপন বুথে ঢোকার অনুমতি কারও নেই।

বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, নিষেধ করা সত্ত্বেও ওমর ফারুক গোপন বুথে ঢুকে পড়েন।

কেবল ৮৬ নম্বর কেন্দ্রে নয় মাদারটেক আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজে অবস্থিত ৯০ নম্বর কেন্দ্রেও একই চিত্র দেখা গেছে। এজেন্ট না হয়েও আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেনের সমর্থিত একজন গোপন বুথে ঢুকে পড়েন। তখন ওই বুথের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রাকিবুল হাসান আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কর্মীকে গোপন বুথে না ঢোকার জন্য বারবার অনুরোধ করছিলেন। তারপরও তিনি গোপন বুথে ঢুকে পড়েন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চার নম্বর ওয়ার্ডের এই কেন্দ্রে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী হলেন গোলাম হোসেন। তাঁর ধানের শীষের এজেন্ট কাছে অভিযোগ করেন, এর আগে আরও একবার জাহাঙ্গীর হোসেনের লোকজন গোপন বুথে ঢুকে তাঁর পছন্দের প্রার্থীকে ভোট দিতে সহায়তা করেছেন।

গোপন বুথে ঢুকে পড়ার এই অভিযোগের ব্যাপারে ৯০ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল হাসান বলেন, গোপন বুথে ঢুকে ভোট দেওয়ার ব্যাপারে সহায়তা করার কোনো নিয়ম নেই। বাইরের লোকজন ঢোকার তো প্রশ্নই আসে না।-নিউজটুয়েন্টিফোর
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম