আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 9:25 am || প্রকাশের তারিখ: February 2, 2020, 3:22 pm
আগামিকাল শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক।। প্রায় সাড়ে ২০ লাখ শিক্ষার্থী নিয়ে আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দিকে দেশের বাইরে মোট ৮টি কেন্দ্রে ৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন।

পরীক্ষা শুরুর দিন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সকাল ৯টা ৩০ মিনিটে তেজগাঁও গভর্নমেন্ট গার্লস স্কুল কেন্দ্র পরিদর্শন করবেন।

এ বছর শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষার কেন্দ্র বৃদ্ধি পেলেও শিক্ষার্থীর সংখ্যা বাড়েনি। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৭ হাজার ৫৫৪ জন। এবার ২৮ হাজার ৮৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৫১২টি কেন্দ্রে পরীক্ষা দেবে।

এবারের এসএসসি পরীক্ষায় ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ৮ লাখ ৪৩ হাজার ৩২২ জন ছাত্রী। ছাত্রের তুলনায় ছাত্রী ৫১ হাজার ৪০৪ জন বেশি।

এছাড়া মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষায় ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন অংশ নিচ্ছে। কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৩১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম জানান, ‘প্রশ্নফাঁস রোধে এবার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে হবে।’

এছাড়া প্রতিবন্ধী পরীক্ষার্থীরা ২০ মিনিট অতিরিক্ত সময় পাবেন বলেও জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম