প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 7:41 am || প্রকাশের তারিখ: February 11, 2020, 10:54 am
আল-আমিন,ঝালকাঠি।। ঝালকাঠিতে ‘ ভন্ড বাবার’ প্রতারণার শিকার হয়ে স্বর্ণালংকার হারিয়েছেন এক গৃহবধূ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী ) সকাল ১১টার দিকে শহরের কালীবাড়ি সড়কে এ ঘটনা ঘটে। পরে প্রতারণার শিকার গৃহবধূ নাজমা বেগম পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন। নাজমা ঝালকাঠি সদর উপজেলার বিকনা গ্রামের জুয়েল শেখের স্ত্রী।প্রতারণার শিকার গৃহবধূ নাজমা বেগম জানান, সকালে তিনি বাড়ি থেকে ওষুধ কেনার জন্য শহরের কালীবাড়ি সড়কের একটি ফার্মেসির সামনে দাঁড়িয়েছিলেন।
এ সময় এক ব্যক্তি এসে তাকে বলেন, ‘আপনি অনেক সমস্যায় আছেন, আমরা জানতে পেরেছি। বাবার কাছে চলেন, তিনি সব সমস্যা সমাধান করে দেবেন।’ ওই ব্যক্তি তাকে রাস্তার পাশেই বসে থাকা এক বৃদ্ধকে ‘বাবা’ বলে দেখিয়ে দেন। কাছে যেতেই তিনটি পাথর হাতের মুঠোয় দিয়ে নাকে গন্ধ নিতে বলেন ওই বৃদ্ধ। তিনি গন্ধ নেওয়ার সঙ্গে সঙ্গে চেতনা হারিয়ে ফেলেন। এ সময় তার কানের স্বর্ণের দুল, হাতের দুটি স্বর্ণের চুরি, মোবাইলফোন ও একটি ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায় ভন্ড বাবা ও তার সহযোগী। জ্ঞান ফিরে আসার পরে তিনি চিৎকার শুরু করেন। লোকজন এসে তাকে থানায় নিয়ে আসে।
পুলিশ গিয়ে ঘটনাস্থলের একটি দোকান থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে। ওই ফুটেজে প্রতারক দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়। তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি।ঝালকাঠি থানার সহকারী উপপরিদর্শক কুহিন আহম্মেদ শিপন আমাদেরবাংলাদেশ.কমকে বলেন, প্রতারণার শিকার ওই নারী থানায় অভিযোগ করেছেন। প্রতারকের পরিচয় জানার জন্য বিভিন্ন স্থানে সিসিটিভি থেকে নেওয়া ছবি পাঠানো হয়েছে। ভন্ড বাবাকে আটক করার চেষ্টা চলছে বলেও জানান থানার সহকারী উপপরিদর্শক কুহিন আহম্মেদ শিপন ।