আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 5:27 am || প্রকাশের তারিখ: February 15, 2020, 12:31 pm
দু’জেলা সড়ক দূর্ঘটনায় নিহত ৫
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। গাজীপুর এবং গোপালগঞ্জ জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৩ জন। আজ (শনিবার) সকালে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে গাজীপুরে দুইটি আলাদা স্থানে সড়ক দুর্ঘটনায় মারা গেছে চারজন। আর গোপালগঞ্জ জেলার মকসুদপুরে মারা গেছে এক জন।

আজ সকালে গাজীপুরে ন্যাশনাল পার্কের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপ-পরিদর্শক জানান, যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দু'জন নিহত হয়। তবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের দুজনের বয়স আনুমানিক ৪০ ও ২০ বছর হবে। মরদেহ দু’টি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে গাজীপুরের শ্রীপুরে আরেকটি সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ে এক যুবক ও এক বৃদ্ধ নিহত হয়েছে। সকালে শ্রীপুর উপজেলার গিলাবেড়াইদ ও শ্রীপুরের জৈনাবাজার এলাকায় বাসচাপায় তারা মারা যায়।

অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে যাওয়ার পথে গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারসহ তিনজন আহত হয়েছে।

এছাড়া গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে আলীম মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ভাজনদী গ্রামের মৃত রত্তন  মোল্লার ছেলে। সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম