প্রিন্ট এর তারিখ: November 25, 2026, 1:58 pm || প্রকাশের তারিখ: February 17, 2020, 1:04 pm
ইবি সংবাদদাতা।। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আইন অনুষদের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।
বিভাগের প্রভাষক শাহিদা আখতার আশার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. সেলিম তোহা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. হালিমা খাতুন।
এছাড়াও উপস্থিত ছিলেন আল-ফিকহ অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাসির উদ্দীন, আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুন, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মেহেদি হাসান, বনানী আফরিন।
পরে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে দেশপ্রেম ভিত্তিক কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান, তাৎক্ষণিক একক অভিনয় ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডল, সহযোগী অধ্যাপক আনিচুর রহমান, আল-ফিকহ অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন এবং ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। এছাড়াও এর আগে অনুষ্ঠিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: বঙ্গবন্ধু থেকে বিশ^বন্ধু’ শীর্ষক রচনা প্রতিযোগির ফলাফলও ঘোষণা করা হয়। আগামী মার্চ মাসে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সেলিম তোহা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির স্বপ্নদ্রষ্টা। তিনি বিশাল মাপের একজন মানুষ। আমাদের সৌভাগ্য যে, এমন মহান মানুষের জন্মশতবার্ষিকী উদযাপনের সুযোগ পাচ্ছি। এই সৌভাগ্য স্মরণে রাখতেই এমন আয়োজন।’