আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 11:14 am || প্রকাশের তারিখ: February 17, 2020, 3:41 pm
আশুলিয়ায় যুবককে হত্যার তিনদিন পর জড়িত তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব
আরিফ মন্ডল বিশেষ প্রতিনিধি।। ঢাকা জেলার আশুলিয়া থানার কাঠগড়া এলাকায় গলা কেটে এক যুবককে হত্যার পর তার মোটরসাইকেল ছিনতাইয়ে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বাঁশ ঝাড়ে পরে থাকা লাশটি শামীম বেপারী বাবু নামে এক পাঠাও রাইড চালকের বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী । সোমবার র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল শাফী উল্লাহ বুলবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। নিহত শামীম বেপারী বাবু রাজশাহী জেলার বাঘা থানাধীন চৌমুধিয়া গ্রামের মো. শাহিন বেপারীর ছেলে।

সে রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া মধ্যপাড়ায় তার স্ত্রীসহ বসবাস করত । গ্রেফতার হলেন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার জোড়বাড়িয়া কালাকন্দা গ্রামের আব্দুল কাদেরের ছেলে মামুনুর রশিদ, ভোলা জেলার বোরহানউদ্দিন থানার চরটিটিয়া গ্রামের সিদ্দিক মুন্সির ছেলে মাহবুবুর রহমান এবং লালমনিরহাট সদর জেলার কুলাঘাট গ্রামের আছর উদ্দিনের ছেলে মোমিন মিয়া। তারা সবাই আশুলিয়ার জামগড়া এলাকায় আলাদা বাসায় ভাড়া থাকতেন। র‌্যাব-১ সিপসি-২ শাখার অ্যাডিশনাল এসপি মোহাম্মদ সালাউদ্দিন জানান, (গত ১৪ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়া থানার কাঠগড়া পালোয়ানপাড়া এলাকার একটি বাঁশ ঝাড় থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে এ ঘটনায় থানায় অজ্ঞাত আসামি করে নিহতের বাবা শাহীন বেপারী একটি হত্যা মামলা করেন। পরে ওই মামলার সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় রোববার গভীর রাতে আশুলিয়ার জামগড়া ও রূপায়ন মাঠ এলাকা থেকে ওই যুবককে হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় নিহত পাঠাও চালকের ব্যবহৃত মোবাইল ফোন ও হত্যাকারীর রক্তমাখা প্যান্ট উদ্ধার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতাররা জিজ্ঞাসাবাদে পাঠাও চালক শামীমকে গাবতলি থেকে আশুলিয়ায় কৌশলে নিয়ে এসে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছে। তারা দিনের বেলা অন্য পেশায় নিয়োজিত থাকলেও রাতে ছিনতাই করে আসছিল।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম