প্রিন্ট এর তারিখ: September 21, 2026, 8:43 am || প্রকাশের তারিখ: February 18, 2020, 1:58 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। দেশের সকল গার্মেন্টস ও শিল্প- কারখানায় ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ স্থাপনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে এই আদেশ বাস্তবায়ন করে শ্রম সচিবকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
মঙ্গলবার এ সংক্রান্ত রুলের ওপর এক সম্পূরক আবেদনের শুনানিতে হাইকোর্টের বিচারপতি এম. এনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এ সময় আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান।
এর আগে গত বছর ২৭ অক্টোবর এক রিট আবেদনের প্রেক্ষিতে সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ বিমানবন্দর, বাসস্টেশন, রেলস্টেশন, শপিং মলে ব্রেস্ট ফিডিং কর্নার ও বেবি কেয়ার কর্নার স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।
এ আদেশের পরে দেশের ছয়টি রেল স্টেশন, বিমানবন্দর, সদরঘাট নৌ বন্দরে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়।
তারই ধারাবাহিকতায় আবার আইনজীবীরা গার্মেন্টসসহ সব কারখানায় ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন চেয়ে সম্পূরক আবেদন করেন। পরে আদালত এ আদেশ দেন।