প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 10:24 pm || প্রকাশের তারিখ: February 20, 2020, 4:26 pm
লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারীতে থানা পুলিশের উদ্দেগে ব্যাটারী চালিত অটোরিক্সা থেকে এলইডি লাইট অপসারণ অভিযান চালানো হচ্ছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের থানা মোড় সংলগ্ন এলাকায় এ অভিযান শুরু করা হয়। আদিতমারী থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ প্রথম দিনে প্রায় শতাধিক চলাচলকারী অটো রিক্সা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন থেকে এলইডি লাইট অপসারণ করেন। এসময় ওসি সাইফুল ইসলাম এসব এলইডি কিংবা বিকল্প লাইটের ব্যবহার যা বিপরীত দিক হতে আগত চালকদের বিপদের কারণ হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সকলকে তা অপসারণের নির্দেশ প্রদান করেন।
আদিতমারী থানা পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন।
আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম এ প্রসংগে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে ক্ষতিকর এধরনের লাইট অপসারণের জন্য সবাইকে নির্দেশ দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, এতকিছুর পরেও কোন যানবাহনে এ ধরনের লাইট চোখে পড়লে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।