আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 10:13 pm || প্রকাশের তারিখ: February 28, 2020, 3:53 pm
বিশ্বের উন্নত দেশের সমান হবে বাংলাদেশের অর্থনীতি: অর্থমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে নেই। তবে তিনি আমাদের জন্য সবকিছু গুছিয়ে রেখে গেছেন। আমাদের জন্য নির্দেশনা দিয়ে গেছেন, কোন পথে গেলে আমাদের এগোনো সহজ হবে। তিনি আমাদের জন্য সেভাবেই অর্থনীতিতে সফলতার পরিকল্পনা তৈরি করে গেছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সেলিম আল দীন মুক্তমঞ্চে কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
মুস্তফা কামাল আরও বলেন, ‘স্বাধীনতার পরে বঙ্গবন্ধু দেশে ফিরে একটি বিধ্বস্ত দেশের অর্থনীতি সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছিলেন। তিনি পরিকল্পিতভাবেই এগিয়ে যাচ্ছিলেন। তবে এদেশের কতিপয় মানুষ জাতির পিতাকে তিন বছরের মাথায় পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। এই তিন বছরে বঙ্গবন্ধু যে কাজ করে গেছেন, পৃথিবীর ইতিহাস গবেষণা করেও এ ধরনের ঘটনা পাওয়া যাবে না। কোন সালে কি হবে, কখন আমরা কি করবো, কিভাবে পরিকল্পনা সাজাবো, সবকিছু নির্ধারণ করে দিয়ে গেছেন তিনি। তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি হবে বিশ্বের উন্নত দেশের সমান। এদেশের মানুষের মধ্যে ক্ষুধা, দারিদ্র্য থাকবে না। বাংলাদেশের অর্থনীতি বিশ্বে প্রথম বিশটি উন্নত দেশের একটি। এটা আমাদের স্বপ্ন এবং এটা আমরা বাস্তবায়ন করবো।’
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা এখন বিশ্বের অর্থনীতিতে ৩০তম। ২০২৪ সালের মধ্যে আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং হংকংকে ছাড়িয়ে তাদের উপরে চলে যাবো। অর্থনীতিতে গত ১০ বছরের আমাদের যে অর্জন সামগ্রিকভাবে সারাবিশ্বে সকল বিষয়ের উপরে। আমাদের মাথাপিছু আয়ের প্রবৃদ্ধিতে চীন ও ভারত ছাড়া উপরে আর কেউ নেই।’ এসময় অর্থমন্ত্রী পথশিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এছাড়া কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির পক্ষ থেকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম