আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 12:35 am || প্রকাশের তারিখ: February 28, 2020, 7:14 pm
পায়রা বন্দরে বন উজার করে খাল খনন: আটক-৫
কলাপাড়া(পটুয়াখালী)সংবাদদাতা।। পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দরের আধা কিলোমিটারের মধ্যে প্রকাশ্যে বেড়িবাঁধের স্লোপ কেটে ও বনাঞ্চল উজার করলেও প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি। কলাপাড়া থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া উপজেলা প্রশাসন,পানি উন্নয়ন বোর্ড ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে মাটি কাটার বেকু মেশিনসহ ৫ জনকে আটক করেন। এমনকি এ মাটি পায়রা বন্দরের সামনে স্তুপ করে রাখা হয়েছে। প্রভাবশালী ঠিকাদারের কারনে কেউ মুখ খুলতে সাহস পায়নি। স্থানীয়দের অভিযোগ এম এম বিল্ডার্স পায়রা বন্দরের পাশে কিছু জমি ক্রয় করলেও তাদের দখলে থাকা অধিকাংশ জমি সরকারি।

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের সহকারি রাজস্ব কর্মকর্তা মো.তরিকুল ইসলাম জানান,পায়রা বন্দর সংলগ্ন মূল বেড়িবাঁধের স্লোপ কেটে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্সের প্রতিনিধিরা মাটি কাটছে এমন অভিযোগ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে সত্যতা দেখতে পেয়ে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা মো. আব্দুল সালাম জানান, তাদের প্রায় পাঁচ একর ম্যানগ্রোভ বনাঞ্চল উজাড় করে ফেলেছে। কিছু কাটা গাছ পাশ্ববর্তী স্লাইস ও রাস্তার পাশ থেকে উদ্ধার করলেও অধিকাংশ গাছ বিক্রি করে ফেলেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান জানান, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পেয়ে ঘটনাস্থলে উপস্থিত পাঁচজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান,পায়রা বন্দর সংলগ্ন বেড়িবাঁধ ও বনাঞ্চল কাটার অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী কুমার স্বস্তিক বাদী হয়ে থানায় মজিবুর রহমান, রফিকুল ইসলাম, রুহুল আমিন গাজী, মহিদুল হক ও আল আমিনকে আসাসী করে এজাহার দাখিল করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম