প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 6:15 am || প্রকাশের তারিখ: February 28, 2020, 8:43 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং মোড়ে গ্যাস লাইনের পাইপ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন, তবে এখনো গ্যাস বের হচ্ছে। এঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
আজ (শুক্রবার) সকাল সোয়া ১১টার দিকে বিস্ফেরণের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিআরটি এর লাইন প্রকল্প নির্মাণ কাজের সময় মাটি খুঁড়তে গিয়ে পাইপ ফেটে এ ঘটনা ঘটতে পারে।
উত্তরার উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল হক জানিয়েছেন, ১২ ইঞ্চি মাপের একটি গ্যাসের পাইপ ফেটে গেছে। সেখানে তিতাসের লোকজন রয়েছেন, ফায়ার সার্ভিস সদস্যরাও আছেন। তবে পাইপ ফাটার কারণ বলেতে পারেননি তিনি।
ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্স এর ডিউটি অফিসার মোহাম্মদ এরশাদ হোসেন জানিয়েছেন, সকাল সাড়ে ১১টার দিকে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গ্যাসলাইন কর্তৃপক্ষও রয়েছেন। আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে লাইন মেরামতের কাজ চলছে।
স্থানীয়রা জানান, বেলা সোয়া এগারোটার দিকে হাউজ বিল্ডিং মোড়ে গ্যাসের পাইপ ফেটে খুব জোরে গ্যাস বের হতে দেখা যায়। সে সময় নিরাপত্তাকর্মীরা চারদিকে লাল ফিতা দিয়ে ঘেরাও করে দেয় যাতে মানুষ চলাচল না করে।