আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 4:26 am || প্রকাশের তারিখ: March 10, 2020, 4:54 pm
ইবি: ‘স্বপ্ন পূরণ করতে এসেছি, পঙ্গু হতে নয়’
ইবি সংবাদদাতা।। ‘স্বপ্ন পূরণ করতে এসেছি, পঙ্গু হতে নয়’, ‘পড়তে এসেছি, মরতে নয়,’ ‘আর কত ক্ষতি করলে, তোদের গতি সিমিত হবে, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবনা’, ‘ইবি প্রশাসন ঘুমিয়ে আছে এসি রুমের কেবিনে’-সহ নানা স্লোগানে ফেটে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ক্যাম্পাসে বেপেরোয়া গাড়ি চালানো বন্ধ ও শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে তারা। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে মানববন্ধনে মিলিত হয়।

জানা গেছে, গত রবিবার (৮ মার্চ) বিকেল ৪ টার দিকে বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে ক্যাম্পাসের ডায়না চত্বর এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আরাফাতুল আলমের দুই পা ভেঙ্গে যায়। পরে আরাফাতকে চিকিৎসার জন্য তার বাড়ি চট্টগ্রামে পাঠানো হয়। সেই প্রেক্ষিতেই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে প্রতিনিয়তই এরকম বেপরোয়া গাড়ি চালাতে দেখা যায়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেনা। বেপরোয়া গাড়ি চালানোয় আজ আরাফাতকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। আমরা আর কত আরাফাত দেখব? দূর্ঘটনার দিন শিক্ষার্থীরা বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় চিকিৎসাকেন্দ্রে আরাফাতকে নিয়ে গেলে যথাযথ চিকিৎসা দেয়া হয়নি বলেও অভিযোগ শিক্ষার্থীদের। এছাড়া মেডিকেলে দায়িত্বরত চিকিৎসকদের অবহেলারও অভিযোগ করেন।

এসময় তারা উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বরাবর চার দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখিত দাবিসমূহ হলো- আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভার প্রশাসনকে বহন করতে হবে, ক্যাম্পাসের সকল যানবাহনের গতি নিয়ন্ত্রণে আনতে হবে, রাস্তায় সাইনবোর্ড স্থাপন করতে হবে ও ক্যাম্পাসের বিভিন্ন মোড়, ভবন এবং হলগুলোর রাস্তার সামনে স্পিডব্রেকার দিতে হবে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘এমন ঘটনা সত্যিই দুঃখজনক। এরকম ঘটনা যেন আর না ঘটে তাই আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখব। আহত শিক্ষার্থীর চিকিৎসায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই ভ’মিকা রাখবে। একই সাথে বিষয়টি তদন্ত করে বাইক চালককে শাস্তির আওতায় আনার আশ্বাস দেন।’
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম