আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 4:38 pm || প্রকাশের তারিখ: March 10, 2020, 5:45 pm
সড়ক দূর্ঘটনায় হাত-পা বিচ্ছিন্ন শিক্ষিকাকে ঢাকায় স্থানান্তর
গোপালগঞ্জ সংবাদদাতা।। গোপালগঞ্জে বাস দুর্ঘটনায় ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকার বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত হয়েছে ১৫ শিক্ষার্থী।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১টার দিকে সদর উপজেলার পাথালিয়ায় শিক্ষা সফরের বাসটি সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে এ হতাহতের ঘাটনা ঘটে।

দুর্ঘটনায় হাত বিচ্ছিন্ন হওয়া ওই শিক্ষিকার নাম সৈয়দা ফাহিমা বেগম (৫০)। ওই শিক্ষিকাসহ ১০ শিক্ষার্থীকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুর মোহাম্মদ সিকদার জানিয়েছেন, ঢাকার কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার শিক্ষক ও শিক্ষার্থীরা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সমাধিসৌধে শিক্ষাসফরে যাচ্ছিলেন। পথিমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেন।

এতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পৌরনীতি বিভাগের শিক্ষক ফাহিমা বেগমের বাঁ হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ১৫ শিক্ষার্থী আহত হয়।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং হাসপাতালের আহত রোগীদের খোঁজখবর নেন।

বাসে থাকা শিক্ষার্থীরা জানায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় শিক্ষা সফর ও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। সকালে ৬টি মিনিবাস ও মাইক্রোতে করে ১২৫ জন শিক্ষার্থী, শিক্ষক, স্কুলের কর্মকর্তা ও কর্মচারী কাকরাইল থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। তাদের বাসে শিক্ষিকা ফাহিমাসহ ৩১ জন শিক্ষার্থী ছিল। তাদের বাসটি পাথালিয়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়িকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে শিক্ষিকা ফাহিমার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, শিক্ষা সফরের বাস সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে শিক্ষিকাসহ ১৫ শিক্ষার্থী আহত হয়েছে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক জানান, ওই শিক্ষিকাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম