প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 8:04 am || প্রকাশের তারিখ: March 16, 2020, 1:03 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৪৭৫ জনে।
শুধু ইতালিতেই গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩৬৮ জন, যা এ পর্যন্ত একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড।
চীনসহ বিশ্বে ১৫৬ দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৫ হাজার ৯৫৮ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৫ হাজার ৯১০ জন। খবর বিবিসি ও রয়টার্সের।
ইউরোপের দেশগুলো রয়েছে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে। চীনের পর এখন ইউরোপ পরিণত হয়েছে করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থলে।
এর মধ্যে ইতালির পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল।
সেখানে মাত্র ২৪ ঘণ্টায় ৩৬৮ জনের মৃত্যুর ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮০৯ জনে। ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে এর আগে একদিনেই এতসংখ্যক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেনি। এ ছাড়া দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৭৪৭ জনে পৌঁছেছে।
ইতালির পর আশঙ্কাজনক অবস্থায় রয়েছে স্পেন। সেখানেও পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত স্পেনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯২ জনে।
এ ছাড়া আক্রান্তের সংখ্যা সাত হাজার ৮৪৭ জনে পৌঁছেছে। এরই মধ্যে স্পেনে ১৫ দিনের জন্য ওষুধসহ জরুরি কেনাকাটা বা জরুরি কাজ ছাড়া মানুষকে ঘরের বাইরে বের না হওয়ার জন্য বলা হয়েছে।