প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 8:23 am || প্রকাশের তারিখ: March 18, 2020, 2:26 pm
নিজস্ব প্রতিবেদক।। সাভারে নিজ বাড়ির একটি কক্ষ থেকে রোজী আক্তার রিনা (৩৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বুধবার সকালে সাভার পৌর সভার দক্ষিণ দড়িয়ারপুর এলাকার নিজ মালিকানাধীন দুই তলা বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূ রোজী আক্তার রিনা সাভার পৌরসভার দক্ষিণ দড়িয়ারপুর এলাকার মৃত মোন্নাফ হোসেনের স্ত্রী। তবে নিহতের কোন সন্তান না থাকায় সে একাই বসবাস করতেন।
নিহতের প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে নিজ কক্ষে প্রতিদিনের মত ঘুমাতে যান রোজী আক্তার। পরে আজ সকালে অনেক ডাকাডাকির পরও তার সাড়া না পেয়ে ভেন্টিলেটর দিয়ে ওই নারীকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে গতকাল রাতে লাশ উদ্ধার করে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ খান বলেন, রাতে কোন এক সময় নিজ কক্ষে ফ্যানের সাথে ওড়না প্যাঁচিয়ে ওই নারী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ওই নারীর স্বামী মারা যাওয়ার পর থেকেই সে তার বাড়ির নিচতলার একটি কক্ষে একাই বসবাস করতেন। তার কোন সন্তানও নেই। তবে নিহতের স্বামীর দ্বিতীয় স্ত্রীর মেয়ে ও তার জামাই পাশের কক্ষেই থাকতেন।
তিনি আরো বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চললেও মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত ঘটনার কারণ জানা যায়নি বলেও জানান তিনি।