আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 10:46 am || প্রকাশের তারিখ: March 24, 2020, 4:04 pm
আদিতমারীতে নদী খননের নামে অবাধে বালু উত্তোলন, ব্যবস্থা নেই প্রশাসনের
লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারীতে নদী খননের নামে মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলেই আসছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন কার্যকরী ব্যবস্থা নেয়া হয়নি। ফলে সরকারের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছেন একটি সিন্ডিকেট। বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছেন সেখানকার সাধারণ কৃষকরা।

জানাগেছে, উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চন্ডিমারী নামক স্থান থেকে নদী খননের নামে মেশিন বসিয়ে নদী থেকে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। আর এসব বালু একটি সিন্ডিকেট মজুদ করে বিক্রি করে মুনাফা হাসিল করছেন।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের নদী খননের কথা স্কেভেটার মেশিন দিয়ে। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী লিটন আলী এসব নিয়মনীতির কোন তোয়াক্কা না করেই নদীতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে আলু উত্তোলন করেই চলেছেন। তবে অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় এসব অবৈধ মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। অবৈধ মেশিন বসিয়ে বালু উত্তোলন করার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেখানকার সাধারণ কৃষকরা। এসব ক্ষতিগ্রস্ত কৃষকরা অভিযোগ জানালেও কর্ণপাত করেননি কেউ। উল্টো তাদেরকে হুমকি দেয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

সরেজমিন চন্ডিমারী এলাকা ঘুরে দেখাগেছে, পানিউন্নয়ন বোর্ডের নেতৃত্বে ও স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় নদীতে অবৈধভাবে ৫ থেকে ৭টি মেশিন বসিয়ে দেদারছে বালু উত্তোলন করে মজুদ করা হচ্ছে। এসব বালুর গুণগত মান ভাল হওয়ায় বেশী দামে বিক্রি করা হচ্ছে। আর সিন্ডিকেট নেতারা বসিয়েছেন পাহাড়া। কেউ ছবি তুলতে গেলে বাঁধা আসে সেখানে।

নাম প্রকাশ না করার স্বার্থে একাধিক কৃষক জানান, এভাবে অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে আমাদের আবাদি জমি হুমকিতে রয়েছে। এরা প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করার সাহস কেউ পাচ্ছে না।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী লিটন আলী বলেন, স্কেভেটার মেশিন দিয়ে নদী ড্রেজিং করার কথা থাকলেও অনেক সময় স্কেভেটার মেশিনের পরিবর্তনে মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হয়। তিনি আরো বলেন, সব সময় নিয়ম মেনে কাজ করা সম্ভব হয় না।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, ইউনিয়ন সহকারী ভূমি তহশিলদারকে সরেজমিনে গিয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এ কর্মকর্তা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম