প্রিন্ট এর তারিখ: November 1, 2026, 1:10 pm || প্রকাশের তারিখ: April 5, 2020, 10:50 pm
লোহাগাড়া সংবাদদাতা।। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ৫এপ্রিল সকাল সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ অভিযান করা হয়। সাধারণ মানুষকে ঘরমুখী করতে মাঠে কঠোরভাবে অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশ। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশন, পদুয়া বাজার, দরবেশহাট বাজারসহ বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ টহল ও অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে সরকারী নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ডবিধি ১৮৬০ সনের ২৬৯ ধারামতে দরবেশ হাট রোডের আপন শপিং সেন্টারে আবদুল মোমেনের মালিকানাধীন স্ট্যান্ডার্ড কালেকশনকে ১হাজার টাকা ,স্টার সুপার মাকেটের মোহাম্মদ জাবেদের মালিকানাধীন রাজস্থান শাড়ীজকে ৩হাজার টাকা,পদুয়া তেওয়ারীহাট বাজারে সিজল(মুহাম্মদ আলমগীর) কে ১০হাজার টাকা, ফুলকলি(দিদার) কে ৫হাজার টাকা এবং আবদুল করিমের মালিকানাধীন আল মদিনা স্টোরকে ১হাজার টাকাসহ মোট ২০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ তৌছিফ আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন কক্সবাজার ১০পদাতিক ডিভিশনের মেজর শেখ ফয়সাল আল বশীর, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা, কক্সবাজার ১০পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট এনায়েত করিব, লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ।