প্রিন্ট এর তারিখ: September 1, 2026, 3:23 pm || প্রকাশের তারিখ: April 6, 2020, 12:35 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। কুমিল্লার দাউদকান্দিতে লকডাউনে থাকা ৫৫ বছরের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার ভোরে উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামে তার মৃত্যু হয়।
এর আগে ওই ব্যক্তির শরীরে করোনা উপসর্গ সন্দেহে শনিবার রাতে ৭টি পরিবারকে লকডাউন করা হয় বলে নিশ্চিত করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান।
তিনি জানান, শনিবার রাতে চক্রতলা গ্রামের ৫৫ বছরের এক ব্যক্তির অসুস্থতার লক্ষণকে করোনা উপসর্গের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে করায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সুপারিশে সেই বাড়ির সাতটি পরিবারকে লকডাউন করা হয়। যেহেতু তিনি মারা গেছেন, তাই স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুপুর দেড়টার দিকে পুলিশ প্রহরায় ওই ব্যক্তির দাফন সম্পন্ন হয়।
দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুল আলম সুমন জানান, গলাব্যথা, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তি হাসপাতালে আসার পর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর ওই বাড়ির সাতটি পরিবারকে লকডাউন করা হয়।
আজ (রোববার) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত কিনা এর আলামত সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হয়েছে বলে জানান কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।