প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 5:38 am || প্রকাশের তারিখ: April 12, 2020, 1:37 pm
ঢাকা।। করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় মানবিক সহায়তা হিসেবে সরকারের দেয়া ত্রাণসামগ্রী ও শিশুখাদ্য প্যাকেট বা বস্তায় বিতরণ করার নির্দেশনা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। একই সঙ্গে, এসব প্যাকেট বা বস্তায় ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ লিখতে নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে সকল জেলা প্রশাসকদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
এতে বলা হয়, করোনাভাইরাস মোকাবিলায় মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী ও শিশুখাদ্য বরাদ্দ প্রদান করা হচ্ছে। বরাদ্দকৃত ত্রাণসামগ্ৰী ও শিশুখাদ্য প্রয়োজন অনুযায়ী জেলা প্রশাসকরা সব সিটি করপোরেশনের সংশ্লিষ্ট প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে উপ-বরাদ্দ দেন। পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বা ইউপি চেয়ারম্যানের অনুকূলে সরকারি আদেশ জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ত্রাণসামগ্রী ও শিশুখাদ্য মোড়ক বা প্যাকেট বা বস্তায় বিতরণ করতে হবে। মোড়ক বা প্যাকেট বা বস্তার গায়ে প্রধানমন্ত্রীর সরকারি ছবিসহ ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ লিখতে হবে। মোড়ক বা প্যাকেট বা বস্তার গায়ে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ সম্বলিত গোল সিল ব্যবহার করতে হবে।
ত্রাণসামগ্রী ও শিশুখাদ্য উত্তোলন এবং বিতরণে সংশ্লিষ্ট ট্যাগ অফিসারগণ সার্বক্ষণিকভাবে উপস্থিত থাকবেন। এ ক্ষেত্রে কোনো প্রকার ব্যত্যয় ঘটানো যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।