আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 4:24 am || প্রকাশের তারিখ: April 13, 2020, 4:08 pm
লকডাউন সাভার উপজেলা
সাভার(ঢাকা)সংবাদদাতা।। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে রাজধানী ঢাকার সাভার উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সাভারের সঙ্গে রাজধানীসহ পাশের জেলা ও উপজেলার মধ্যে সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

রাজধানীর প্রবেশদ্বার আমিনবাজার বর্ডার, কাউন্দিয়া সীমান্ত, ভাকুর্তার মোগরাকান্দা, বটতলা, হযরতপুর ব্রিজ ও কাশিমপুর সীমান্ত লকডাউন করার জন্য সকল ইউপি চেয়ারম্যান, সদস্য ও সেচ্ছাসেবকদের নির্দেশ দিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জুমন।

সাভার উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজধানীসহ সাভারের আশপাশের উপজেলা ও জেলায় লোকজন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ওই সব জেলা ও উপজেলার মানুষ সাভারের ওপর দিয়ে যাতায়াত করছেন। এতে তাদের মাধ্যমে সাভারের লোকজনও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন। এ কারণে সাভার হয়ে রাজধানীসহ পাশের জেলা ও উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের রাজধানীসংলগ্ন সাভারের আমিন বাজারসহ অন্যান্য প্রবেশপথগুলোতে পুলিশ পাহারা বসানো হয়েছে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান জুমন বলেন, করোনার বিস্তার ঠেকাতে সাভার উপজেলাকে লকডাউন করে দেয়া হয়েছে। এখন থেকে এখানকার কোনো নাগরিক সাভারের বাইরে যেতে পারবে না। আবার পাশের জেলা ও উপজেলা থেকেও কেউ সাভারে ঢুকতে পারবে না। শুধু পণ্যবাহী গাড়ি ও জরুরি সেবার অন্যান্য পরিবহন চলতে পারবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম