আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 5:27 am || প্রকাশের তারিখ: April 13, 2020, 6:51 pm
“এবারের নববর্ষের উৎসবে আমরা বিমর্ষ ও বেদনার্ত”
নিজস্ব প্রতিবেদক।। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নানা দুর্যোগ-দুর্বিপাকের মধ্য দিয়ে আমাদের পালন করতে হচ্ছে পহেলা বৈশাখ। ফেলে আসা বছরের দূর্যোগ, দুর্বিপাক কাটিয়ে আমরা নতুন বছরে এগিয়ে যাওয়ার সোনালী সম্ভাবনা দেখতে পাবো বলে বিশ্বাস করি। তবে এবারের নববর্ষের উৎসবে আমরা বিমর্ষ ও বেদনার্ত।’

সোমবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বাংলা নববর্ষ উপলক্ষে দেয়া এক বাণীতে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘রাত পোহালেই পহেলা বৈশাখ ১৪২৭। বাংলা সনের প্রথম দিন। নববর্ষের প্রথম প্রভাতে আমাদের অগণিত সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক উজ্জল আনন্দময় উৎসব। এই উৎসব সুপ্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতা। পহেলা বৈশাখ থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে নেয়ার আকুলতা। নতুন বছর মানেই অতীতের সকল ব্যর্থতা, জ্বরাজীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে সুন্দর সমৃদ্ধ আগামী বিনির্মাণে এগিয়ে যাওয়া।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান দুঃসময়, মহামারি ও নৈরাজ্যের অভিঘাত সত্ত্বেও আমাদের শান্তি, স্বস্তি, সুস্থতা ও সহাবস্থান ফিরিয়ে আনতে হবে। বিচ্ছেদ ও বিভাজন দূর করে পহেলা বৈশাখ ভরে উঠুক পারস্পরিক শুভেচ্ছায়।’

তিনি বলেন, ‘তবে এবারের নববর্ষের উৎসবে আমরা বিমর্ষ ও বেদনার্ত। সারা দুনিয়াজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জনজীবনে যে বিয়োগাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা বর্ণনা করার ভাষা আমার জানা নেই। দেশে দেশে করোনার আক্রমণে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটছে, আক্রান্ত হচ্ছেন অগণিত মানুষ। তাই এবারের বাংলা নববর্ষের উৎসব ঐতিহ্যের ধারা বেয়ে পালন করা সম্ভব হচ্ছে না। দেশের মানুষদের অনুরোধ করবো- করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম