আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 1:02 am || প্রকাশের তারিখ: April 15, 2020, 3:52 pm
স্বাস্থ সংস্থাকে অর্থায়ন বন্ধের ঘোষণা ট্রাম্পের
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে (ডব্লিউএইচও) অর্থায়ন সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি। ট্রাম্প বলেন, তিনি তাঁর প্রশাসনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধ করতে নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ডব্লিউএইচও তার 'প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থ' হয়েছে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, চীনে করোনার আবির্ভাবের পর এর প্রতিক্রিয়ায় প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে ডব্লিউএইচও। ডব্লিউএইচও চীনের দেওয়া তথ্যের ওপরেই বিশ্বাস করেছে।

এ সময় তিনি আরও বলেন, ডব্লিউএইচও'কে এজন্য অবশ্যই কৈফিয়ত দিতে হবে। ট্রাম্প ডব্লিউএইচও'কে 'মিথ্যা তথ্য' প্রচারের জন্য অভিযুক্ত করে বলেন, চীনের তথ্যের ওপর বিশ্বাসের কারণে বিশ্বব্যাপী এই ভাইরাস ২০ গুণ বৃদ্ধি পেয়েছে।

গত ৭ এপ্রিল চীনের প্রতি ডব্লিউএইচও'র পক্ষপাতিত্বের অভিযোগ এনে সংস্থাটিতে মার্কিন তহবিল দান হ্রাসের হুমকি দেন ট্রাম্প। সেসময় তিনি বলেন, আমরা ডব্লিউএইচও'র পিছনে অর্থ ব্যয় স্থগিত করতে যাচ্ছি।

এদিকে প্রাণঘাতী এই করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৬ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ২৬ হাজারেরও বেশি। প্রতিনিয়ত দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম