প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 1:15 am || প্রকাশের তারিখ: April 15, 2020, 9:23 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নিজেদের সফল কাজের মধ্য দিয়ে অর্জিত জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৫ এপ্রিল) নবনিযুক্ত মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদকে র্যাংক ব্যাজ পরানো উপলক্ষে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
শেখ হাসিনা বলেন, স্বচ্ছতার সঙ্গে পুলিশে জনবল নিয়োগের মাধ্যমে এই বাহিনী নিয়োগ বাণিজ্যের বদনাম ঘুচিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, জনবান্ধব কাজের জন্য পুলিশ বাহিনীর ভাবমূর্তি অনেক বেড়েছে। আমি আশা করি এই সুনামের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবেন।
এসময় করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানোর জন্য পুলিশ বাহিনীর সদস্যদের প্রশংসা করেন শেখ হাসিনা।
এদিকে দেশব্যাপী বন্ধের মধ্যে বোরো ধান কাটার সাথে জড়িত লোকদের তাদের গন্তব্যে পৌঁছাতে পুলিশ সদস্যদের সহায়তা করতেও বলেন শেখ হাসিনা।
চলমান পরিস্থিতির কারণে দুগ্ধ খামারিদের দুধ যেন নষ্ট না হয় সেজন্য ঘি, মাখনসহ অন্যান্য দুগ্ধজাত সামগ্রী তৈরিতে সংশ্লিষ্টদের নজর দেয়ার ওপর গুরুত্বারোপ করেন সরকার প্রধান।