আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 10:28 pm || প্রকাশের তারিখ: April 17, 2020, 2:35 pm
মাদারীপুরে মেয়রের আত্মসাত ৭ মেট্রিক টন চাল!!
মাদারীপুর।। মাদারীপুরের কালকিনি পৌরসভার মেয়র মো. এনায়েত হোসেন হাওলাদারের বিরুদ্ধে সাত মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে মাদারীপুরের ডিসি বরাবর দুর্নীতির অভিযোগ এনে লিখিত অভিযোগ দিয়েছেন আট কাউন্সিলর।

এতে উল্লেখ করা হয়, করোনাভাইরাস পরিস্থিতিতে দরিদ্রদের জন্য জেলা প্রশাসনের ত্রাণ শাখা থেকে কালকিনি পৌরসভায় চার কিস্তিতে সাত মেট্রিক টন চাল ও টাকা বরাদ্দ দেয়া হয়। সেই চাল ও টাকা কাউন্সিলরদের না জানিয়ে মেয়র তুলে আত্মসাৎ করেন।

এর মধ্যে ১, ২, ৩, ৫, ৭, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ১, ২ ৩ এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর রয়েছেন।

ভুক্তভোগীরা জানান, কোনো সভা না করেই চালগুলো আনেন মেয়র এনায়েত হোসেন। এসব চাল বিতরণেরও কোনো হদিস নেই। ফলে পৌরসভার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে।

উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, উপজেলা খাদ্যগুদাম থেকে ২৫ মার্চ দেড় মেট্রিক টন, ২৯ মার্চ ০.৩৭৫ মেট্রিক টন, ৬ এপ্রিল দুই মেট্রিক টন, ৮ এপ্রিল তিন মেট্রিক টন চাল নিয়েছে পৌর কর্তৃপক্ষ। মোট বরাদ্দ করা চালের পরিমাণ ছয় হাজার ৯৮৫ কেজি।

এ বিষয়ে জানতে কালকিনি পৌরসভার মেয়র এনায়েত হোসেন হাওলাদারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।

মাদারীপুরের ডিসি মো. ওয়াহিদুল ইসলাম জানান, কাউন্সিলরদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। গরিবের চাল আত্মসাতের ঘটনা ঘটলে কাউকেই ছাড় দেয়া হবে না। এছাড়া বিষয়টি স্থানীয় সরকার অধিদফতরেও জানানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম