আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 8:26 pm || প্রকাশের তারিখ: April 17, 2020, 5:14 pm
ভারতে আটকা পড়াদের ফেরতে বিশেষ ফ্লাইট
ঢাকা।। করোনাভাইরাসরে প্রাদুর্ভাবের মধ্যে ভারতে চিকিৎসাসেবা নিতে গিয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ৮টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আজ (শুক্রবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসরকারি খাতের এই সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ২১ ও ২৩ এপ্রিল ঢাকা-কলকাতায় ২টি ফ্লাইট ও ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল চেন্নাই-ঢাকা ৬ দিনে ৬টি ফ্লাইট পরিচালনা করবে। প্রতিদিন দুপুর সোয়া ১২টায় চেন্নাই থেকেই ঢাকার উদ্দেশে ইউএস-বাংলার ফ্লাইট ছেড়ে আসবে। একইভাবে বেলা সাড়ে ১১টায় কলকাতা থেকে ফ্লাইট ছাড়বে ঢাকার উদ্দেশে। এ দুই রুটেই ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, করোনার কারণে ভারতের বিভিন্ন অঞ্চলে মাসখানেক ধরে আটকা রয়েছেন সহস্রাধিক বাংলাদেশি। আকাশপথে ফ্লাইট বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। এমতাবস্থায় বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যস্থতায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বিশেষ ফ্লাইটে শুধু বাংলাদেশিরা ভ্রমণ করতে পারবেন। টিকিট বুকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম