আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 12:41 pm || প্রকাশের তারিখ: April 18, 2020, 1:45 pm
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো দেড় লাখ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনা ভাইরাসে বিশ্বে প্রতিদিন সময়ের সাথে সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গেল ১১ জানুয়ারি চীনের উহান শহরে প্রথম ব্যক্তি মারা যায় এই ভাইরাসে। ১০ ফেব্রুয়ারি মারা যাওয়ার সংখ্যা ছাড়ায় ১ হাজার। এরপর ইউরোপে ভাইরাস ছড়িয়ে পড়লে আরো দ্রুত বাড়তে থাকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ১৯ মার্চ গোটা বিশ্বে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়ায়। মার্চের শেষে ইউরোপের দেশগুলো ও যুক্তরাষ্ট্রে ভয়াবহ রুপ ধারণ করে করোনা ভাইরাস। ২ এপ্রিল বিশ্বে ৫০ হাজার মানুষ মারা যায় প্রাণঘাতী এই ভাইরাসে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, প্রথম ৫০ হাজার মৃত্যুর আটদিন পর ১০ এপ্রিল মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ায়। আর পরবর্তী সাতদিনে আরও ৫০ হাজার মৃত্যুতে সেই সংখ্যা ছাড়ালো দেড় লাখ (১৫৪,২৫৬, শনিবার সকাল ৯টা পর্যন্ত)।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যুর দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে নতুন করে ২ হাজার ৫৩৫জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ৭ লাখ ১০ হাজারের বেশি। শুধু নিউইয়র্কে মারা গেছে ১৭ হাজারের বেশি। এছাড়া মিশিগান, নিউ জার্সি, ম্যাসাচুসেটস, ক্যালিফোর্নিয়ায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে দিনদিন।

যুক্তরাষ্ট্রের পর প্রাণহানির সংখ্যা বেশি ইতালিতে। গত ২৪ ঘন্টায় ৫৭৫জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ২২ হাজার ৭৭৫জন। নতুন ৩ হাজারসহ মোট আক্রান্ত  ১ লাখ ৭২ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্র ও ইতালির পর ২০ হাজার মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ইউরোপের আরেক দেশ স্পেনে। একদিনে নতুন ৬৮৭সহ মোট মৃতের সংখ্যা দেশটিতে ২০ হাজার ২জন। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯০ হাজারের বেশি।

গত ২৪ ঘন্টায় ইউরোপের দেশ ফ্রান্সে মারা গেছে ৭৬১জন। মোট মৃতের সংখ্যা ১৮ হাজার ৬৮১জন। নতুন দুই হাজারসহ মোট আক্রান্ত ১ লাখ ৪৮হাজার।

যুক্তরাজ্যে একদিনে আরো ৮৪৭জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৪ হাজার ৫৭৬জন। মোট আক্রান্ত ১ লাখ ৮ হাজারের বেশি।

এছাড়াও, একদিনে বেলজিয়ামে ৩০৬, জার্মানিতে ৩০০, ব্রাজিলে ১৯৪, নেদারল্যান্ডে ১৪৪, কানাডায় ১১৫ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম