আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 7:45 pm || প্রকাশের তারিখ: April 19, 2020, 11:12 am
কিশোরগঞ্জে করোনায় আক্রান্ত ভূমি কমিশনারসহ আরও ৫জন
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। কিশোরগঞ্জের ভৈরবে গেল ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। আক্রান্তের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), তার গাড়িচালক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা এবং আক্রান্ত এক স্বেচ্ছাসেবী নারীর পরিবারের দুই সদস্য রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. বুলবুল আহমেদ জানান, আক্রান্ত ব্যক্তিদের কারো শরীরে করোনা ভাইরাসের লক্ষণ বা উপসর্গ ছিল না। মূলত আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসায় তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়।

পরে পরীক্ষা শেষে গতকাল শনিবার বিকেলে সিভিল সার্জনের মাধ্যমে জানতে পারি এসিল্যান্ড এবং সরকারি হাসপাতালের আরএমওসহ ৫ জনের করোনা ধরা পড়েছে।

তিনি জানান, গেল ৬ দিনে ৫ জন আর গত ৪৮ ঘণ্টায় ১০ জন  করোনায় আক্রান্ত হয়েছে।    জানা গেছে, ভৈরবে প্রথম এক পুলিশ সদস্যের দেহে করোনা শনাক্ত হয়। পরে তার সংস্পর্শে আসা এক ফার্মেসি মালিকের দেহে করোনা ধরা পড়ে। এরপর এই দুজনের সংস্পর্শে আসা আরও ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

ফলে গত শুক্রবার আরও ৫ জনের দেহে করোনা ধরা পড়েছে। এছাড়াও গতকাল শনিবার এসিল্যান্ড ও আরএমওসহ আরও ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।  করোনাভাইরাসে সংক্রামণ ঠেকাতে শহরের একের পর এক এলাকা চিহ্নিত করে অনির্দিষ্টকালের জন্য লকডাউন (অবরুদ্ধ) হিসেবে ঘোষণা করছে উপজেলা প্রশাসন।

এছাড়াও কিশোরগঞ্জ জেলায় গেল ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় সর্বমোট ৭৬ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। এরমধ্যে ১৯ জন চিকিৎসক, ৩ জন নার্স ও ৯ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম