প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 2:13 pm || প্রকাশের তারিখ: April 22, 2020, 9:13 pm
ঢাকা।। দেশবাসীর সচেতনতা ও সঠিক সিদ্ধান্তের ফলেই করোনাভাইরাস সংক্রমণে এখনও মহাবিপর্যয় হয়নি বলে বুধবার মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের কারণেই আক্রান্তের ৪৪ দিন পার হলেও দেশে করোনা রোগীর সংখ্যা ইতালি, ফ্রান্স ও আমেরিকা থেকে বহুগুণ কম রয়েছে। দেশে আজ করোনা পরীক্ষা হয়েছে ৩ হাজার ৯৬টি। গতকালও প্রায় ৩ হাজার করা হয়েছে। কিন্তু বিশ্বের অন্যান্য দেশে ৪৪ দিন পর যখন লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন সেখানে আমাদের দেশে মোট আক্রান্ত এখন ৩ হাজার ৭৭২ জন। দেশে দৈনিক আক্রান্ত সর্বোচ্চ ৩ শ থেকে ৪ শ এর ঘরেই আছে।’
স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২০’ উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।